আমিরাতে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত তিন শিক্ষার্থী

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দুই বাংলাদেশি স্কুলে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ৮টা থেকে আমিরাতের দুটি কেন্দ্রে বাংলাদেশের ঢাকা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।

আমিরাতে অবস্থিত কেন্দ্র দুটো হলো আবুধাবির ‘শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’ এবং ‘রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ’।

আমিরাতের দুই কেন্দ্রে মোট ৫৯ পরীক্ষার্থী অংশ নেন। আবুধাবীর শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও ৪০ জন অংশ নেন এবং তিন জন কেন্দ্রে অনুপস্থিত ছিলেন।

এছাড়া রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

আবুধাবীর শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের পরীক্ষার পরিদর্শক হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মাদ উল্লাহ খান এবং রাস আল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা পরিদর্শক ছিলেন দুবাই কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আব্দুস সালাম।

এদিকে আমিরাতের সাত প্রদেশের মধ্যে দুই প্রদেশে বাংলাদেশি স্কুল থাকলেও অন্য পাঁচ প্রদেশে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি প্রবাসীদের।

তারা বলছেন, দুবাই ও শারজাহে বাংলাদেশি স্কুল না থাকায় সবচেয়ে বিপাকে পড়েছেন দেশি শিক্ষার্থীরা৷