লেবাননে বোমা হামলায় ফরিদপুরের প্রবাসী নারীর মৃত্যু

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে লেবাননে বোমা হামলায় ফরিদপুরের এক প্রবাসী নারী নিহত হয়েছেন। গত বুধবার (৮ এপ্রিল) রাতে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহতের নাম দীপালি বেগম (৩৪)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের শেখ মুবার মেয়ে। তিনি দুই ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ ছিলেন। অবিবাহিত দীপালি গত দুই বছর ধরে লেবাননে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, লেবাননে যুদ্ধ শুরু হওয়ার পর দীপালি গত এক মাস আগে তার কর্মস্থল 'চুড়' এলাকা থেকে মালিকের পরিবারের সঙ্গে নিরাপদ আশ্রয়ের খোঁজে বৈরুত এলাকায় চলে আসেন। গত বুধবার সন্ধ্যায় তারা বৈরুতের যে ভবনে অবস্থান করছিলেন, সেখানে ভয়াবহ বোমা হামলা হয়। ওই হামলায় দীপালি ও তার মালিকের পরিবারের সদস্যসহ মোট সাতজন নিহত হন।

দিপালির ছোট বোন লাইজু বেগম বলেন, আট এপ্রিল সকালেও বোনের সঙ্গে কথা হয়েছে। ও জানিয়েছিল চুড় এলাকায় যুদ্ধ বেশি বলে ওরা বৈরুতে এসেছে। সেখানেই বোমা হামলায় ও মারা গেলো। ওর মরদেহ এখন সে দেশের পুলিশের জিম্মায় আছে।

অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে দুই বছর আগে বিদেশ পাড়ি দিয়েছিলেন দীপালি। তার আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য সেক ফালু জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। অভাব ঘোচাতেই মেয়েটি বিদেশে গিয়েছিলো। এখন পরিবারের একটাই দাবি, দিপালির মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, আমরা বিষয়টি শুনেছি। আমাদের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।