বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ম্যানচেস্টার সিটির মেয়র এন্ড্রু বার্নহাম।
যুক্তরাজ্যে বিএসইসি আয়োজিত রোডশো বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রচারিত শুভেচ্ছা বাণীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের যেসব দেশের অর্থনীতি সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে এমন তালিকায় এখন অন্যতম বাংলাদেশ। আমার আশা এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তবে এই উন্নতি সামাজিক এবং পরিবেশগতভাবে টেকসই করতে হবে।
তিনি বলেন, দেশটির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্ব বড়ো অবদান রেখেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, তাদের দেশে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা এখন প্রায় ছয় লাখ। এরা ব্রিটেনের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে মূল্যবান অবদান রাখছে।
এদিকে সোমবার (৯ নভেম্বর) ম্যানচেস্টার সামিট বা রোডশোর দ্বিতীয় ও শেষ পর্বে সশরীরে এসে দেওয়া স্বাগত ভাষণে শহরের মেয়র এন্ড্রু বার্নহাম বলেন, অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং উচ্চ প্রবৃদ্ধির বিশ্ব তালিকায় ওপরের দিকে স্থান করে নিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়।
শিল্প বিপ্লবের পথিকৃৎ এবং বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বা ম্যান ইউ’র শহরের নগর পিতা বলেন, আমি আশা করবো গ্রেটার ম্যানচেস্টারের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন। কারণ সেদেশের বিশাল যুব শক্তিসহ নানা সুবিধা টেকসই ব্যবসার জন্য সহায়ক।
বার্নহাম মেয়র আরও বলেন, ম্যানচেস্টারসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ব্যবসা এবং স্বাস্থ্যসেবাসহ নানা খাত এগিয়ে নিতে এবং সচল রাখতে বাংলাদেশিরা অনেক অবদান রাখছেন। তিনি এসময় ম্যানচেস্টারভিত্তিক গ্লোবাল এগ্রো-ফুড বিজনেস জায়ান্ট সি-মার্ক গ্রুপ এবং এর প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদের অবদানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে আসা অভিবাসীদের অবদান অনেক। তাই ম্যানচেস্টার নগর কর্তৃপক্ষ সিলেটে বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পে সহায়তা করছে।
অন্যগুলোর মতো ম্যানচেস্টার রোডশোতেও আয়োজক বিএসইসির বড়োকর্তা শিবলী রুবাইয়াত উল ইসলাম তুলে ধরেন কেন বাংলাদেশ এখন বিনিয়োগের সেরা জায়গা।
বাংলাদেশের পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, বাংলাদেশে এখন আর আগের মতো দরিদ্র পীড়িত দেশ নেই। এটি এখন ব্যবসা ও উন্নয়ন বান্ধব এক দেশ এবং বিনিয়োগের সেরা জায়গা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের বৈঠক
প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যবসা বান্ধব অনেক সংস্কার হয়েছে। এদেশের অনেক অর্থনৈতিক খাতে যতো উন্নয়ন হয়েছে তার খুব কমই জানে বিশ্ব। উন্নয়নের পরের ধাপে যেতে আরও বিনিয়োগ দরকার। তাই বিদেশি বিনিয়োগকারীদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ।
ম্যানচেস্টার রোডশোতে আরও বক্তব্য রাখেন, বেপজা চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এবং ফিকি চেয়ারম্যান রূপালী চৌধুরী।
একাত্তর/এসি