আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভোজ্যতেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা আগামী ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবো, কমানোর প্রয়োজন হলে কমাবো।’

শুল্ক কাঠামো বদলানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভারতের শুল্ক কাঠামো আমাদের চেয়ে কম। আমাদের এখানে ১৮ থেকে ২০ শতাংশ, তাদের ওখানে ৫ শতাংশ।’ 

এসব বিবেচনা করে দেখতে ব্যবসায়ীদের একটু সময় দিতে অনুরোধ করেছেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী। 

বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘আমাদের না জানিয়েই ব্যবসায়ীরা নিজেরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিলেন। সেটাও তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।’

আরও পড়ুন: করোনার উচ্চ ঝুঁকির তালিকায় আরও ১০ জেলা

টিপু মুনশি আরও বলেন, ‘আজকের আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে।’

এখন তেলের যে দাম আছে, তার থেকে কিছুটা হলেও কমাতে চেষ্টা করতেও ব্যবসায়ীদের অনুরোধ করেছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী। 

এছাড়াও রোজার ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ঋণপত্র খোলারও আহ্বান জানিয়েছেন তিনি। 

উল্লেখ্য, বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা প্রতি লিটারে ৮ টাকা হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।


একাত্তর/জো