ভোজ্যতেলের দাম কমার সম্ভাবনা নেই

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম আবারো বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে দাম কমার সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। 

রোববার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রংপুর কেন্দ্রীয় কারাগারের নতুন ভবন নির্মাণকাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল এ দর সরকার কমাতে পারবেনা। বিদেশ থেকে আমদানি করার পর কেনা দর ধরেই দাম নির্ধারণ করা হয়। 

বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেল, মসুর ডাল ও চিনিসহ চার ধরনের পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই পণ্যগুলোর মূল্য আন্তর্জাতিক বাজারে বাড়ার ফলে এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। তবে চালের দাম বাড়া-কমার কারো খাদ্য মন্ত্রণালয় বলতে পারবে বলে জানান তিনি।

আরও পড়ুন: টেকসই উন্নয়নে সবুজ শিল্পখাতের তাগাদা দিলো সিপিডি

এদিকে, ভোজ্যতেলের মূল্য পুনঃনির্ধারণের ব্যাপারে আগামী ৬ ফেরুয়ারি ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসার কথা জানান তিনি। 

পেয়াজের দাম কমে যাওয়া সম্পর্কে কৃষকদের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পেয়াজের দাম যখন বাড়ে তখন সাধারণ মানুষের সমস্যা, আবার কমলে কৃষকদের সমস্যা। এর সমাধান দেয়া সম্ভব নয়। তবে কৃষকদের দিকটি বিবেচনায় রাখার কথা বলেন তিনি। 

এছাড়াও রমজান মাসে টিসিবির মাধ্যমে বরাদ্দ দ্বিগুণ করে বাজারমূল্য ঠিক রাখার পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে