বাজেটকে স্বাগত জানালেও আরো সুবিধা চান পোশাক ব্যবসায়ীরা

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানালেও সরকারের কাছে আরো সুযোগ-সুবিধা ও ছাড় দাবি করেছেন, তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা।

শনিবার (৫ জুন) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানান।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের সভাপতি ফারুক হাসান। সংগঠনের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বিজিএমই সভাপতি বলেন, “বাজেটে পোশাক খাতের জন্য কর ও অন্যান্য নীতিমালার কোনো পরিবর্তন হয়নি। ফলে উৎসে কর, কর্পোরেট কর ও প্রচলিত নগদ সহায়তা চলমান থাকবে। এটি ইতিবাচক দিক”।

তবে তিনি জানান, বাজেটে পোশাক শিল্পের ঘুরে দাঁড়ানো ও কর্মসংস্থানের জন্য তাদের বেশ কিছু প্রস্তাব থাকলেও তার প্রতিফলন ঘটেনি।

আরও পড়ুন: বাজেটে জীবন-জীবিকার স্বচ্ছ রূপরেখা নেই: সিপিডি

লিখিত বক্তব্যে বিজেএমইএ সভাপতি আরো বলেন, “করোনার কারণে নতুন বাজারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেসব জায়গায় রপ্তানি কমে গেছে। তাই এসব নতুন বাজারে রপ্তানি ধরে রাখতে প্রণোদনার হার চার শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার আবেদন করছি”।

এছাড়া নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহারের অনুরোধ করেছে সংগঠনটি। এটি করা হলে সরকার খুব বেশি রাজস্ব হারাবে না। কিন্তু শিল্প উপকৃত হবে। নগদ অর্থের প্রবাহ বাড়বে, তা কর্মসংস্থান সৃষ্টিতে কাজে দেবে বলে মনে করছেন পোশাক ব্যবসায়ীরা।


একাত্তর/আরএ