পরপর রেকর্ড গড়ে এবার দেশের বাজারে কিছুটা কমলো স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম প্রতি ভরি ৯১ হাজার ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই খবর জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৮৭ হাজার ১৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে।
এদিকে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার ৫০ টাকায় অপরিবর্তিত আছে।
আরও পড়ুন: চিনির বাজারে স্বস্তি ফিরছে শিগগিরই
এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি আরেক দফা সোনার দাম কমানো হয়। সে সময় সব থেকে ভালোমানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯২ হাজার ২৬২ টাকা করা হয়েছিল।
একাত্তর/এসি