মেঘনার ইকোনমিক জোনে সিএইচটি গ্রুপের কারখানা উদ্বোধন

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ইকোনমিক জোনে ২৬ দেশে বিনিয়োগ এবং ১২০ দেশে ব্যবসা করা জার্মানভিত্তিক প্রতিষ্ঠান সিএইচটি গ্রুপের কারখানার উদ্বোধন করা হয়েছে। এই জোনে আট মিলিয়ন ডলার বিনিয়োগ করা প্রতিষ্ঠানটি টেক্সটাইল কেমিক্যাল উৎপাদন করবে।

মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সিএইচটি গ্রুপের কারখানা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন।

এসময় তিনি বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ইকোনমিক জোনগুলো দেশি এবং বিদেশি  বিনিয়োগ আকর্ষণে সফল হয়েছে। একই সঙ্গে মেঘনা গ্রুপ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে দৃষ্টান্ত স্থাপন করলো। সিএইচটির বিনিয়োগে দেশের বস্ত্র খাত ‍উপকৃত হবে।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপ পরিচালক তানজিমা মোস্তফা বলেন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সিএইচটি-র বিনিয়োগ একটি মাইলফলক। এতে অন্য বিদেশিরাও আকৃষ্ট হবে। 

মেঘনার ইকোনমিক জোনগুলো কপ্লায়েন্স মেনেই স্থাপন করা উল্লেখ করে তানজিমা মোস্তফা বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে ইকোনমিক জোনগুলো প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত বাংলাদেশ গড়ার সহযাত্রী হিসেবে কাজ করছে।

সিএইচটি গ্রুপের চেয়ারম্যান ড. ফ্রাঙ্ক নোমান বলেন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের বিনিয়োগ পরিবেশ ভালো এবং বাংলাদেশের বাজারটিও সম্ভাবনাময়। 

আরও পড়ুন: তিন দেশ সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

১২৩ একর জায়গায় প্রতিষ্ঠিত মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে বিদেশি ১১ প্রতিষ্ঠানসহ  মোট ২২ শিল্প স্থাপন হয়েছে, এবং বিনিয়োগ প্রায় সাড়ে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার।


একাত্তর/এসি