বিশ্ব ব্যাংকের বাজেট সহায়তায় রিজার্ভ ৩০ বিলিয়নের ওপর

বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্ব ব্যাংকের দেয়া ৫০৭ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হয়েছে। এর ফলে বাংলাদেশের রিজার্ভ স্থিতি দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।  

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ব ব্যাংকের দেয়া ৫০৭ মিলিয়ন ডলার বাংলাদেশ পেয়েছে। ডলার বিক্রি ও কিছু দায় পরিশোধের পর বুধবার দিন শেষে বাংলাদেশের রিজার্ভ স্থিতি দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।

মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। তার সঙ্গে বিশ্ব ব্যাংকের দেয়া ৫০ কোটি ৭০ লাখ ডলার ও অন্যান্য যোগ হওয়ায় রিজার্ভের পরিমাণ বুধবার সকালে উঠেছিল ৩০ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

বুধবার রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকের কাছে ১০৪ টাকা ৫০ টাকা দরে ৫৯ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি। 

এটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের গ্রস হিসাব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেখানো বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের প্রকৃত বা নিট হিসাব আগামী জুলাই থেকে প্রকাশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

গত বৃহস্পতিবার মার্চ-এপ্রিল সময়ের আকু পেমেন্টের ১ দশমিক ১ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। এতে সাত বছর পূর্বের অবস্থানে চলে গিয়েছিল রিজার্ভ।

আরও পড়ুন: চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহারের সময় বাড়ছে

২০১৪ সাল থেকে ঘুরে দাঁড়াতে শুরু করা বাংলাদেশের রিজার্ভ প্রথমবার ৩০ বিলিয়নের ঘর পার করেছিল ২০১৬ সালের ৩০ জুন। সেই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ১৩ বিলিয়ন ডলার। 


একাত্তর/এসজে