দাম না কমলে শিগগিরই ভারতীয় পেঁয়াজ আমদানি: মন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের বৃদ্ধিতে বাজার মনিটরিং করা হচ্ছে। দুই-একদিনের মধ্যে দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হবে এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় তার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা চলছে।

তিনি বলেন, চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনও পড়েনি। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে।

কাঁচাবাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি আমার দায়িত্বে নেই। কাঁচাবাজারের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করি না, এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচাবাজার ওঠা-নামা করে, কখনও শাকসবজির দাম বাড়ে আবার কমে।

আরও পড়ুন: কুকি-চিনের সঙ্গে জড়িত অভিযোগে সাংবাদিক আটক

টিপু মুনশি বলেন, ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। পরিস্থিতি বিবেচনায় আমাদের তা সহ্য করতে হবে। বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।


একাত্তর/এসি