সুইট ড্রীম ম্যানেজমেন্ট লিমিটেডের ‘ডি মোর হোটেল অ্যান্ড রিসোর্ট’ এর যাত্রা শুরু হয়েছে। পর্যটকদের নিশ্চিত আবাসন সুবিধা নিশ্চিতে ‘ডি' মোর হোটেল অ্যান্ড রিসোর্ট’ টাইম শেয়ারিং কার্ড সেবা চালু করা হয়েছে।
বুধবার চিত্র নায়ক ফেরদৌস রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে কার্ডটির উদ্বোধন করেন। এ কার্ডধারী পর্যটকরা নির্দিষ্ট সময়ে পর্যটন স্থানগুলোর রিসোর্টগুলোয় অবস্থান করে সেবা নেওয়ার সুবিধা পাবেন।
সুইট ড্রীম ম্যানেজমেন্টের চেয়ারম্যান জি কে লালার সভাপতিত্বে অনুষ্ঠানে, কার্ডধারী পর্যটকরা কী কী সুবিধা পাবেন তা তুলে ধরেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আবদুল কৈয়ূম চৌধুরী।
কৈয়ূম চৌধুরী বলেন, ৯টি হোটেল দিয়ে এখন আমাদের হোটেল চেইন চলছে। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে যেখানে পর্যটন স্থান রয়েছে, আমরা হোটেল স্থাপন করবো। পর্যটকরা যাতে সহজে ও কম খরচে পাঁচ তারকা হোটেলে অবস্থান করে পর্যটনস্থানগুলো উপভোগ করতে পারেন তাই এই কার্ড চালু করা হয়েছে। আমরা দুই ধরনের কার্ড চালু করছি। এর একটি হচ্ছে পাঁচ লাখ ৭৫ হাজার টাকার প্লাটিনাম কার্ড এবং আরেকটি তিন লাখ ৭৩ হাজার টাকার গোল্ড কার্ড।
তিনি আরও বলেন, এই কার্ড ব্যবহারকারীরা ১০ বছর ব্যাপী পর্যটন এলাকার ডি’ মোরভুক্ত হোটেলগুলোতে বিভিন্ন রকম সুবিধা ভোগ করতে পারবেন। এই প্যাকেজের মাধ্যমে পুরো মেয়াদে ২০ থেকে ২২ লাখ টাকা সাশ্রয় করা যাবে।
বর্তমানে কক্সবাজার, বান্দরবান, সাজেক, শ্রীমঙ্গল, কুয়াকাটা, চট্টগ্রাম ও ঢাকায় ডি’ মোর হোটেল অ্যান্ড রিসোর্ট চালু করা হয়েছে। আগামীতে রাঙ্গামাটি ও সেন্টমার্টিনেও চালু করা হবে বলে জানিয়েছে সুইট ড্রীম ম্যানেজমেন্ট।