রেকর্ড দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি সোনার দাম এক লাখ আট হাজার ১২৫ টাকা। তবে পাঁচ শতাংশ ভ্যাট ও মজুরিসহ এ দাম উঠবে এক লাখ ১৭ হাজার ৩০ টাকায়।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গত ৩০ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। এর আগে ২৭, ১৯ ও ৬ নভেম্বর এবং ২৭ অক্টোবর দাম বাড়ে। টানা পাঁচ দফা দাম বাড়ানোর পর এখন কিছুটা কমানো হলো। ৩০ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়। এতে এই মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকা হয়। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় স্বর্ণের দাম।
বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে এক লাখ তিন হাজার ২২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে এক হাজার ২২৫ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
অবশ্য মূল্যবা এ ধাতুর গয়না কিনতে ক্রেতাদের আরেকটু বেশি বেশি খরচ করতে হবে। বাজুসের নির্ধারিত দামের ওপর পাঁচ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গয়না বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম তিন হাজার ৪৯৯ টাকা। ফলে বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের এক লাখ ১৭ হাজার ৩০ টাকা গুনতে হবে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।