রোজা উপলক্ষে ভোজ্যতেল, চিনি ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে আমদানিতে কর ছাড়ের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে। এ বিষয়ে কাজ চলছে। তবে কোন কোন পণ্যের আমদানি শুল্ক কমানো হচ্ছে, এখনই বলা যাচ্ছে না।
ভোজ্যতেল, চিনি ও খেজুরের মতো রোজার মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক-কর ছাড় দিতে সম্প্রতি এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এদিকে রাজস্ব আহরণে আইএমএফের নির্দেশনা বাস্তবায়ন খুবই চ্যালেঞ্জ, তবে তা করতে নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান রহমাতুল মুনিম।
তিনি বলেন, চলতি অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার কোটি টাকা। বাজেটে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এনবিআরকে প্রায় ১ লাখ ৮৯ হাজার কোটি আদায়ের লক্ষ্য দেওয়া হয়। আদায় হয়েছে ১ লাখ ৬৬ হাজার কোটি টাকা।
এনবিআর চেয়ারম্যান জানান, চট্টগ্রাম কাস্টম হাউজের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।