বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এদিকে দেশের জিডিপির অনুপাতে কর আদায় কম এখনো কম হলেও এনবিআর ভবিষ্যতে তা বাড়াতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধ করা কাস্টমসের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। বাণিজ্যের আড়ালে অর্থপাচারের বিরুদ্ধে উদ্যোগ বাড়াতে হবে।
কাস্টমস এ দিকটিতে বিশেষভাবে নজর দেবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।
মাহমুদ আলী বলেন, অর্থনৈতিক সব সূচকে বাংলাদেশের দুর্বার অগ্রগতি সাধিত হলেও এখনো আমাদের কর জিডিপি রেশিও সন্তোষজনক নয়।
‘আমি আশা করি জাতীয় রাজস্ব বোর্ড কর জিডিপির অনুপাত বাড়াতে সচেষ্ট হবে,’ বলেন তিনি।
রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আজ সারাবিশ্বের কাছে স্বীকৃত।
এদিকে আমদানি-রফতানি বাণিজ্যে সময় ও ব্যয় কমিয়ে আনতে এনবিআরকে শতভাগ অটোমেশন করার আহ্বান জানান অর্থমন্ত্রী।