বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। ফলে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো।
ডিজেল ও কেরোসিন ৭৫ পয়সা; পেট্রোল ও অকটেনের দাম আড়াই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৭ টাকা টাকা থেকে ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা, পেট্রোলের দাম ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেনের দাম ১২৮ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করা এ দাম শনিবার (১ জুন) থেকে কার্যকর হবে।
চলতি বছরের মে মাসেও জ্বালানি তেলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ আড়াই টাকা করে বেড়েছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে।
ডলারের বিনিময়মূল্য বাজারভিত্তিক করায় এক লাফে প্রতি ডলার ১১০ থেকে সম্প্রতি ১১৭ টাকায় পৌঁছায়।
গত ৩০ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা করে বাড়ানো হয়।