বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী রোকসানা হাসান, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা সংবলিত চিঠি পাঠিয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, বিসিবির বিদায়ী সভাপতি নাজমুল হাসান, তার স্ত্রী রোকসানা হাসান এবং তাদের সন্তানদের নামে কোনো লকার-সুবিধা থাকলে সেগুলোও স্থগিত থাকবে।
চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিরা ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।
২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নেন পাপন। ২০১৩ সালের অক্টোবরে সভাপতি নির্বাচিত। সেই থেকে তিনি তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বপালন করে আসছিলেন।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বুধবার বিসিবির সভাপতির পদ থেকে তিনি সরে দাঁড়ান। তার জায়গায় সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।