ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। যশোরের বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার প্রথমদিন গেছে ১৮ টন ইলিশের চালান।
প্রথম দিন ছয়টি ট্রাকে করে রপ্তানির ১৮ হাজার কেজি বেনাপোল বন্দরে পৌঁছে বলে কর্মকর্তারা জানান। এরপর মাছের মান পরীক্ষা করে সেগুলো ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু শেষ পর্যন্ত তা কমিয়ে দুই হাজার ৪২০ টন করা হয়েছে।
রপ্তানির অনুমতি পেয়েছে ৪৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে। একটি প্রতিষ্ঠান পাঠাবে ২০ টন ইলিশ।
বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার ২০০ টাকা প্রতি কেজি।
বৃহস্পতিবার যাওয়া ইলিশের ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠান গুলো হলো- আর জে এন্টারপ্রাইজ ও আর এস এন্টারপ্রাইজ, কলকাতা।
আর বাংলাদেশ থেকে পাঠিয়েছে- স্বর্ণালী এন্টারপ্রাইজ, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও সোমা এন্টারপ্রাইজ।
আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে।