সব নৈরাজ্য কাটিয়ে বাংলাদেশ বিমানকে একটি সচল ও ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামে পারকি সমুদ্র সৈকত ও পর্যটন করপোরেশনের রিসোর্ট নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমানের চলমান সঙ্কট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটিকে ব্যবসা সফল করতে সবার সহযোগিতা লাগবে।
এর আগে সকালে পারকি সমুদ্র সৈকত পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা বশিরউদ্দীন। এসময় স্থানীয় ব্যবসায়ীরা সৈকতে বিশুদ্ধ পানির অভাব, বেড়ি বাঁধ না থাকা, যোগাযোগ অবকাঠামো অসুবিধার বিষয় তুলে ধরেন। বিশেষ করে, ভাঙনের কারণে পারকি সমুদ্র সৈকতের ঝাউবন ও বালিয়াড়ি সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে বলেও জানান।
এসময় সমুদ্র সৈকত লাগোয়া পর্যটন করপোরেশনের নির্মাণাধীন রিসোর্টে কাজের ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে ঠিকাদারদের কাজের সঠিক সমন্বয় ও প্রকল্পটির অসমাপ্ত কাজ শেষ করার নির্দেশ দেন।