দেশের বাণিজ্য অর্থায়নের পরিধি বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) নিজেদের ব্যাংকের পাশাপাশি অন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমেও বাণিজ্য অর্থায়ন দিতে পারবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলে অবস্থিত সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন নয়—এমন প্রতিষ্ঠানগুলোকে ওবিইউ ক্রেতার ঋণ, অ্যাকসেপ্টেড বিল ফাইন্যান্সিং এবং অন্য অনুমোদিত উপকরণের মাধ্যমে অর্থায়ন দিতে পারবে। প্রয়োজনে অন্য ব্যাংকের অনুমোদিত ডিলার শাখার মাধ্যমেও এ অর্থায়নের ব্যবস্থা করা যাবে। তবে এজন্য ঝুঁকি মূল্যায়ন, প্রতিপক্ষের এক্সপোজার এবং সীমা নির্ধারণসহ যথাযথ যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
একইভাবে, অ-বিশেষায়িত অঞ্চলগুলোতেও প্রতিষ্ঠানের বাণিজ্য অর্থায়নে একই নিয়ম প্রযোজ্য হবে। ওবিইউ নিজের ব্যাংক বা অন্য ব্যাংকের এডি শাখার মাধ্যমে ক্রেতার ঋণ ও বিল ফাইন্যান্সিং সুবিধা দিতে পারবে, তবে সব ক্ষেত্রেই কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতামূলক ঋণনীতি মেনে চলতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশে বাণিজ্য অর্থায়নের সুযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে রপ্তানি ও আমদানি নির্ভর প্রতিষ্ঠানগুলো এর ফলে সহজে বৈদেশিক মুদ্রা ভিত্তিক ঋণ সুবিধা পাবে। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে, তবে পূর্বের অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।