চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সুদ ও আসল মিলিয়ে ১৫৮ কোটি ৫০ লাখ ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় সোয়া ১০ শতাংশ বেশি।
রোববার (৩০ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-অক্টোবর মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে দায় পরিশোধের পরিমাণ ছিলো ১৪৪ কোটি ডলারের কিছু কম। সে হিসাবে এবার বেশি পরিশোধ করতে হয়েছে পৌনে ১৫ কোটি ডলার।
চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত বিদেশি ঋণ ছাড় হয়েছে ১৬৬ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের এই সময়ে যা ছিলো ১২০ কোটি। ফলে, অর্থছাড় বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।
তবে ছাড় ও পরিশোধের বিপরীতে ঋণ প্রতিশ্রুতির পরিমাণ ব্যাপকভাবে কমেছে। আগের অর্থবছরের চার মাসে ২৫৪ কোটি ডলারের প্রতিশ্রুতি মিললেও এবার তা নেমেছে ১২০ কোটিতে।