ইরান থেকে এলপিজি গ্যাস আমদানি করতে না পারায়, সিলিন্ডারের দাম বেড়েছে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। সরবরাহ কম থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলেও মনে করছেন তিনি। উপদেষ্টা বলেন, যেসব দেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নেই, সেখান থেকে গ্যাস আমদানির প্রক্রিয়া চলছে।
বুধবার (২১ জানুয়ারি) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন।
এসময় জ্বালানি উপদেষ্টা নিজেই সঙ্কটের কথা স্বীকার করে বলেন, ইরান থেকে আসা এলপিজি জাহাজের উপর নিষেধাজ্ঞায় এই সঙ্কট হয়েছে। আমদানিকারকেরা বিকল্প বাজার দেখছেন।
উপদেষ্টা বলেন, রমজানের আগে সঙ্কট কেটে যাবে। চাহিদা বেশি আর সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মোবাইল কোর্ট করার কথাও জানান তিনি।
নির্বাচনের আগে কেউ এমন পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলছে কিনা প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, না, আমার কাছে এমন মনে হয়না।