বাজারে সয়াবিন তেলের মজুত নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স সভা শেষে তিনি এ তথ্য জানান। 

ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের সরবরাহ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে এই মুহূর্তে খোলা সয়াবিন তেলের কোনো সঙ্কট নেই, সরবরাহ একদম স্বাভাবিক। তবে আমরা লক্ষ্য করেছি বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে। এই ঘাটতি দ্রুত কাটিয়ে উঠতে আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশের আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। অসাধু সিন্ডিকেটের কারসাজি প্রসঙ্গে তিনি বলেন, কতিপয় ব্যক্তির সিন্ডিকেটের কাছে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার। বাজার মনিটরিং করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

জ্বালানির দাম বাড়লেও খাদ্যপণ্যে তার প্রভাব তেমন পড়বে না বলে আশ্বস্ত করেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মূল্যস্ফীতি ঘটলেও সেটার প্রভাব যেন প্রান্তিক মানুষের ওপর না পড়ে, সে জন্য সরকার সরাসরি বাজার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করবে। সেই সঙ্গে কেবল ধারণার ওপর ভিত্তি করে বাজারে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, আসন্ন দিনগুলোতে বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করবে।