আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম একলাফে পাঁচ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৮ হাজার ২৯২ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরির দাম চার হাজার ৪৯০ টাকা বাড়িয়ে এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হলেও রূপার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখা হয়েছে। অর্থাৎ, রূপার গহনা কিনতে নির্ধারিত দামের ওপর আগের মতোই পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে ক্রেতাদের।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরির দাম ১১৭ টাকা বাড়িয়ে তিন হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১১৭ টাকা বাড়িয়ে দুই হাজার ৮৫৮ টাকা করা হয়েছে।