দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (২২ জুলাই) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, সম্মানিত জ্বালানি তেল ক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল মজুত আছে, তেলের কোনো সংকট নাই।
তিনি আরও বলেন, আপনাদের চাহিদা মোতাবেক সকল পেট্রোল পাম্প থেকেই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, এমত অবস্থায় কোনো গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে যার যেটুকু প্রয়োজন সেটুকই গ্রহণ করুন।
এ ছাড়া অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল কিনে দেশে কোনো বিরূপ পরিস্থিতি সৃষ্টি না করার জন্যও সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।