ব্যবসায়ীদের কোনো ধরনের অসুবিধায় ফেলে বা হয়রানি করে কর আদায় করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। করদাতাদের জন্য আনন্দদায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর আদায়ে জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর ও ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্যাট রিটার্ন এক মাস পর পর ফিরিয়ে আনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি স্টেকহোল্ডারের অনিষ্পন্ন রাজস্ব মামলা ও ইস্যুগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা চালছে। যারা কর দেন তাদের সঙ্গে কথা বলে একটি সুষ্ঠু কর ব্যবস্থা তৈরি করা সরকারের লক্ষ্য।
জুলাই মাসের রাজস্ব সংক্রান্ত ও টানা তিন মাসের ভ্যাট রিটার্ন জটিলতা প্রসঙ্গে মন্ত্রী জানান, এই বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ব্যবসায়ীদের কার্যক্রম ও ব্যবসাকে বাধাগ্রস্ত করে কোনো ট্যাক্সেশন বা কর আদায় প্রক্রিয়া পরিচালনা করা হবে না। কারণ দেশের অর্থনীতি ব্যবসায়ীদের দেওয়া করের ওপর ভিত্তি করেই চালিত হয়। তাই ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা দেওয়া ও তাদের হয়রানি মুক্ত রেখে রাজস্ব আদায়ের পরিবেশ বজায় রাখাই সরকারের উদ্দেশ্য।
তবে অর্থবছরের প্রথম দুই মাসে ২২ শতাংশ কম ভ্যাট আদায় নিয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।