দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে তিন হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে গত ১৩, ২২ ও ২৩ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম কমানো হয়। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমে সাত হাজার ১১৫ টাকা। এখন চার দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমলো ১০ হাজার ৪৩৯ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৩২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরির দাম তিন হাজার ১৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরির দাম দুই হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম দুই হাজার ১৮৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৮৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি তিন হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি তিন হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম দুই হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।