ক্রেতা-বিক্রেতা যদি একই শহরের ভেতরে হয়, তবে অগ্রিম অর্থ নেওয়ার ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে পাঁচ দিনের মধ্যে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারি দিতে হবে। আর ভিন্ন শহর বা গ্রামের ক্ষেত্রে পণ্য সরবরাহ করতে হবে ১০ দিনের মধ্যে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক করেছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক ভােক্তা সাধারণকে নানাভাবে প্রতারিত করার তথ্য পাওয়া যাচ্ছে। এ সমস্যা নিরসনে সরকার ইতিমধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ জারি করেছে।
এ নির্দেশিকা অনুসারে গ্রাহকের সুরক্ষার স্বার্থে পণ্য ডেলিভারি দেওয়ার পর (গ্রাহক বুঝে পাওয়ার পর) পেমেন্ট গেটওয়ে থেকে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রাহক পণ্য পাওয়ার আগে সংশ্লিষ্ট ই-কমার্স প্রতিষ্ঠান কোনো টাকা পাবে না। ওই টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে থাকবে।
পণ্য ডেলিভারি করতে না পারায় আলোচিত-সমালোচিত ইভ্যালির কয়েকশ কোটি টাকা এখন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন পেমেন্ট গেটওয়েতে আটকে আছে।
আরও পড়ুন: ই-কমার্সে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ চান রাষ্ট্রপতি
একাত্তর/এসি