ভারতে বাড়ছে স্বর্ণ চোরাচালান: নেপথ্যে ১৫ শতাংশ আমদানি শুল্ক

আমদানি শুল্কের কারণে ভারতে কমেছে বৈধভাবে স্বর্ণ আমদানির পরিমাণ। আর এর সুযোগ নিয়ে ব্যাপক হারে বেড়েছে চোরাচালান। ওয়াল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

যেখানে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে স্বর্ণের চোরাচালান প্রায় ৫০ টনে পৌঁছেছে বলে অনুমান করা হচ্ছে। যেখানে এক বছর আগে একই সময়ে এই পরিমাণ ছিল মাত্র তিন টন। যার পেছনে সরকারের ধার্য করা ১৫ শতাংশ আমদানি শুল্ককে দায়ী করছেন বিশ্লেষকরা। 

উচ্চমূল্যের কারণে ভারতের বাজারে স্বর্ণের সামগ্রিক চাহিদা গত বছরের তুলনায় কমেছে ২৯ শতাংশ। চলতি বছরের প্রথম নয় মাসে এর পেছনে মানুষের সামগ্রিক খরচ বেড়েছে ৩ শতাংশ। সম্প্রতি গহনার চাহিদা কিছুটা বাড়লেও গত বছরের তুলনায় কমেছে ২০ শতাংশ।

তবে, আকাশচুম্বী দামের মাঝেও বিনিয়োগকারীদের মধ্যে বার ও কয়েনের চাহিদা গত প্রান্তিকের চেয়ে ৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি, গোল্ড ইটিএফে বিনিয়োগও ৩.৬ টন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫.৩ টনে। তবে, গত বছরের একই সময়ের তুলনায় সার্বিক বিনিয়োগের চাহিদা এখনও প্রায় ৪০ শতাংশ কম।