বাজারদর ধরে রাখতে

পৌনে দুই লাখ টন অলিভ অয়েল সরবরাহ কমাচ্ছে স্পেন

বাজারে অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় অলিভ অয়েল উৎপাদক দেশ স্পেন। উৎপাদন বাড়ায় ও দামের পতন ঠেকাতে মিলগুলোকে তাদের উৎপাদনের ১২ শতাংশ অলিভ অয়েল সংরক্ষণের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এর ফলে, আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাজারে মিলবে না প্রায় ১ লাখ ৮৮ হাজার টন তেল।

ইউরোপীয় বার্তা মাধ্যম ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের সরকারি গেজেটে প্রকাশিত এই নতুন নিয়ম নভেম্বর থেকে কার্যকর হয়েছে। মিলগুলো উৎপাদিত তেল নিজেদের কিংবা তৃতীয় পক্ষের গুদামে সংরক্ষণ করতে পারবে। আর এই মজুত আগামী বছরের ৩০ সেপ্টেম্বর মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বাজারে বিক্রি করা যাবে না।

সাম্প্রতিক বছরগুলোতে তীব্র খরা ও দাবদাহের কারণে অলিভ অয়েলের উৎপাদনে বড় ধস নেমেছিল। এর ফলে বিশ্ববাজারে এর দাম হয় আকাশচুম্বী। তবে, উৎপাদন আবার স্বাভাবিক হওয়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমান মৌসুমে স্পেনের প্রাথমিক মজুত ৩ লাখ ৫৭ হাজার টন ও পূর্বাভাস অনুযায়ী মোট উৎপাদন ছাড়াতে পারে প্রায় ১৬ লাখ টন। 

এমন অবস্থায় দাম আরও পড়ে যাওয়ার শঙ্কায় এমন জরুরি পদক্ষেপ নিল স্পেন সরকার। তথ্য বলছে, গত বছর অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েলের দাম প্রতি কেজি প্রায় চার ইউরো থাকলেও, চলতি নভেম্বরের শুরুতে তা কমে তিন ইউরোর কাছাকাছি নেমে আসে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈশ্বিক অলিভ অয়েল উৎপাদনে প্রায় ৪৫ শতাংশ ও ইউরোপীয় ইউনিয়নের উৎপাদনে প্রায় ৭০ শতাংশ অবদান রাখে স্পেন।