ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই মিলবে ২০ মিলিয়ন ডলার

ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক তথ্য দিলে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার ও সম্ভাব্য পুনর্বাসনের সুযোগ দেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি থেকে এমনই এক ঘোষণা দেওয়া হয়েছে।

ইউরোপীয় গণমাধ্যম ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য, যেমন—পারমাণবিক স্থাপনা, যন্ত্রপাতি, বৈজ্ঞানিক সম্প্রদায়ের মতো সংশ্লিষ্ট কর্মী কিংবা এগুলোর স্থানান্তর সম্পর্কিত গোপনীয় তথ্য প্রদানকারীদের এই পুরস্কার দেওয়া হবে।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানের পারমাণবিক সুরক্ষা বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে চরম অনিয়মের কারণে সংস্থাটি সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলোর উৎপাদন ও মজুদের ওপর থেকে 'জ্ঞানের ধারাবাহিকতা' হারিয়ে ফেলেছে। এই প্রেক্ষাপটেই মার্কিন প্রশাসন তথ্য সংগ্রহে এই উদ্যোগ নিয়েছে।

১৯৮৪ সালে জাতীয় সুরক্ষায় সহায়তা করতে পারে এমন তথ্যের বিনিময়ে অর্থ পুরস্কার দেওয়ার উদ্দেশ্যে এই 'রিওয়ার্ডস ফর জাস্টিস' কর্মসূচি চালু করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এই আর্থিক প্রণোদনা ও পুনর্বাসনের প্রস্তাব আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের সুরক্ষায় নতুন মাত্রা যোগ করেছে।