অক্টোবরে ঘুরে দাঁড়াল ইরাকের তেল রপ্তানি

টানা কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে অক্টোবরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের তেল রপ্তানি। দেশটির জ্বালানি খাতের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, সেপ্টেম্বরের তুলনামূলক মন্দাভাব কাটিয়ে অক্টোবরে ইরাকের দৈনিক গড় তেল রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ লাখ (৩.৫ মিলিয়ন) ব্যারেলে। 

এর আগে গেল সেপ্টেম্বর মাসে ইরাকের মোট তেল রপ্তানি কমে নেমে এসেছিল দৈনিক ২৬ লাখ ৫০ হাজার (২.৬৫ মিলিয়ন) ব্যারেলে। তবে, অক্টোবরে সেই পরিস্থিতি থেকে দ্রুত কাটিয়ে ওঠে দেশটি। বিশেষ করে তুরস্কের জেইহান বন্দর দিয়ে অপরিশোধিত তেল চালান বৃদ্ধি পাওয়ায় রপ্তানি ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রেখেছে। 

এছাড়া, কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে তেল খালাস ও পরিবহনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষের সাথে কিছু ইতিবাচক সমঝোতায় পৌঁছেছে বাগদাদ। যার ফলে আন্তর্জাতিক বাজারে দেশটির তেল সরবরাহ ফের স্বাভাবিক হতে শুরু করেছে।   

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং রপ্তানি রুটে নানা প্রতিবন্ধকতার মধ্যেও ইরাকের এই তেল রপ্তানি বৃদ্ধি আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি দেশটির অর্থনীতিতেও বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। চলতি বছর আঞ্চলিক সংঘাত ও নানা নিষেধাজ্ঞার কারণে ইরাককে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হয়েছিল। অর্থের হিসেবে যার পরিমাণ ৬০ বিলিয়ন ডলার। এমন অবস্থায় রপ্তানি পুনরায় ৩৫ লাখ ব্যারেলে পৌঁছানোকে জ্বালানি খাতের জন্য একটি বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।