১১৪ বছর পর নিলামে উঠছে টাইটানিকের বিমা নথি

সময়টা ছিল ১৯১২ সালের ১৪ এপ্রিল। উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের সাথে ধাক্কায় ডুবে যায় সেই সময়ের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল প্রমোদতরী আরএমএস টাইটানিক। ভয়াবহ সেই দুর্ঘটনার ১১৪ বছর পর আবারও আলোচনায় জাহাজটি। কারণ, নিলামে উঠছে টাইটানিকের মূল কাঠামোর বিরল বিমা নথিটি-যা এই ট্র্যাজেডির এক অনন্য ও অসামান্য দলিল। খবর বিবিসির।

যুক্তরাজ্যের বিখ্যাত নিলাম সংস্থা হেনরি অলড্রিজ অ্যান্ড সন আগামী ২১ নভেম্বর নথিটি নিলামে তুলতে যাচ্ছে। ঐতিহাসিকদের মতে, আমেরিকাভিত্তিক ‘আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানির স্বাক্ষরিত এই দলিলে জাহাজটির ট্রায়াল রান ও সাউদাম্পটনে যাত্রার ঝুঁকি অন্তর্ভুক্ত ছিল। বিরল এই পলিসিটির সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০ থেকে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ থেকে ৭৫ লাখ টাকার সমান।

নথির বিশ্লেষণ করে দেখা যায়, ১৯১২ সালের ২৭ মার্চ স্বাক্ষরিত এই চুক্তিটিতে অত্যন্ত নিখুঁতভাবে জাহাজের নিরাপত্তাজনিত ঝুঁকি নির্ধারণ করা হয়েছিল। এমনকি যাত্রীবাহী আনুষ্ঠানিক যাত্রা শুরু করার আগেই জাহাজটির কোনো ক্ষতি হলে কীভাবে তার ক্ষতিপূরণ মেটানো হবে, তারও সুনির্দিষ্ট উল্লেখ এতে ছিল। সামুদ্রিক আইনি ইতিহাসে এই নথিটি টাইটানিকের আর্থিক প্রস্তুতির প্রথম ও একমাত্র প্রকাশিত প্রমাণ।

জানা যায়, আটলান্টিক মিউচুয়াল কোম্পানি একসময় উত্তর আমেরিকার বৃহত্তম বিমা প্রতিষ্ঠান হলেও, পরবর্তী সময়ে ২০০১ সালের নাইন-ইলেভেন হামলার বিশাল দাবির কারণে তীব্র আর্থিক সংকটে পড়ে। অবশেষে ২০১১ সালে কোম্পানিটির লাইসেন্স বাতিল করা হয় ও তা অবলুপ্ত হয়ে যায়।

টাইটানিকের বিমা নথির পেছনের ইতিহাস কেবল অর্থের নয়, বৈষম্যেরও। নথি বিশ্লেষণ করে দেখা যায়, জাহাজটি ডুবে যাওয়ার মাত্র ৩০ দিনের মধ্যে এর মালিক কোম্পানি বিমার সম্পূর্ণ অর্থ তুলে নিতে পেরেছিলেন। অথচ, প্রাণ হারানো দেড় হাজারের বেশি যাত্রীর পরিবারকে সামান্য ক্ষতিপূরণের জন্য লড়াই করতে হয়েছিল বছরের পর বছর।