এবার চাঁদে এআই স্যাটেলাইট কারখানা বানাতে যাচ্ছে স্পেসএক্স

মহাকাশ প্রযুক্তিতে নতুন বিপ্লব আনতে যাচ্ছেন ইলন মাস্ক। এবারে চাঁদের মাটিতে এআই স্যাটেলাইট কারখানা স্থাপন করতে চায় মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেসএক্স।

মূলত, চাঁদের নিজস্ব খনিজ সম্পদ ও কম মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে এই স্যাটেলাইট তৈরির মাধ্যমে খরচ ও পৃথিবীর সীমিত সম্পদের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

তবে এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে অন্যতম বড় বাধা হলো সরঞ্জাম পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও পৃথিবীর সাথে যোগাযোগের স্থায়িত্ব রক্ষা করা। আর এই লক্ষ্যেই বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসা। গত ৭ নভেম্বর প্রতিষ্ঠানটি জানায়, তারা স্পেসএক্স, ব্লু অরিজিন এবং লকহিড মার্টিন স্পেসসহ আটটি কোম্পানিকে নির্বাচন করেছে। চাঁদে স্থায়ী মানব বসতি ও লুনার বেস গড়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম পরিবহনের উদ্দেশ্যে ১০ বিলিয়ন ডলার মূল্যের চুক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এই প্রতিষ্ঠানগুলো।

নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে রোবটিক এক্সপ্লোরেশনের মাধ্যমে উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে। পরবর্তীতে, ২০৩২ সালের মধ্যে সেখানে বিদ্যুৎ ব্যবস্থা, কার্গো পরিবহন ও যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যাতে মহাশূন্যের গভীরে আরও বড় অভিযাত্রায় যাওয়া সহজ হয়।

বিশেষজ্ঞদের মতে, ডেটা সেন্টার নির্মাণ নিয়ে পৃথিবীতে নানা জটিলতা ও রাজনৈতিক বাধার মুখে মাস্কের এই মহাকাশভিত্তিক এআই কম্পিউটিং এবং চাঁদে কারখানা গড়ার পরিকল্পনা ভবিষ্যতের প্রযুক্তি খাতে এক দূরদর্শী মোড় হিসেবে কাজ করতে পারে।