যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট আইবিএম কনসাল্টিং বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা কনসাল্টিং ফার্মের অধিকাংশ পদের জন্য মার্কিন ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ দেওয়া বন্ধ করে দিচ্ছে। যেখানে বর্তমানে কর্মরত রয়েছেন ১ লাখ ৫০ হাজারের বেশি কর্মী। খবর রয়টার্সের।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের বিদেশি প্রযুক্তি কর্মী নিয়োগের ওপর কঠোর নজরদারির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মাসে মাইক্রোসফট, অ্যাডোব ও কগনিজেন্ট, ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসের মতো বড় বড় আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোকে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রক্রিয়া থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়, যা বিদেশি কর্মীদের গ্রিন কার্ড পাওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ।
আইবিএম জানিয়েছে, দক্ষতা ঘাটতি মেটাতে তারা দীর্ঘদিন ধরে মার্কিন উচ্চ দক্ষ কর্মী ভিসা প্রোগ্রাম ব্যবহার করে আসছিল। তবে, বিগত বছরগুলোতে এই কর্মসূচিতে তাদের অংশগ্রহণ ধীরে ধীরে হ্রাস পেয়েছে। বর্তমান সময়ে ক্লায়েন্টদের পরিবর্তিত চাহিদা ও দক্ষতার সহজলভ্যতার কথা বিবেচনা করেই বেশিরভাগ পদে স্পন্সরশিপ বাতিল করার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
এদিকে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, এই নীতির ফলে যেসব কর্মী প্রভাবিত হবেন, তারা চাইলে যুক্তরাষ্ট্রের বাইরে আইবিএম-এর অন্য কোনো শাখায় কাজ করতে পারবেন অথবা চলতি বছরের শেষের মধ্যে চাকরি ছাড়তে পারেন।
উল্লেখ্য, গত বছর হোয়াইট হাউসের পক্ষ থেকে নতুন এইচ-১বি ভিসার আবেদনের ওপর এককালীন এক লাখ মার্কিন ডলার ফি ধার্য করা হয়েছিল।