মুক্তির আগেই জিটিএ-সিক্স এর ১ বিলিয়ন ডলার আয়

মুক্তির আগেই ইতিহাস গড়ছে বহুল প্রতীক্ষিত ভিডিও ‘গেম গ্র্যান্ড থেফট অটো’ VI বা জিটিএ-সিক্স। সেন্সর টাওয়ারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গেমটির প্রি-অর্ডার ইতোমধ্যে ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ১ কোটিরও বেশি কপি।

রকস্টার গেমসের মেগা প্রজেক্ট জিটিএ-সিক্স মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১৯ নভেম্বর। প্লেস্টেশন ৫ ও এক্সবক্স সিরিজ এক্স এস-এর জন্য এটি বাজারে আসছে। মুক্তির আগেই অ্যানালিটিক্স ফার্ম সেন্সর টাওয়ারের তথ্য চমকে দিয়েছে সবাইকে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গেমটির এ পর্যন্ত ১০.৩ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশ প্রি-অর্ডার এসেছে একাই প্লেস্টেশন ৫ থেকে, যার বাজারমূল্য প্রায় ৭৫১ কোটি ডলার। বাকি ২৫ শতাংশ প্রি-অর্ডার হয়েছে এক্সবক্স সিরিজ এক্স এস প্ল্যাটফর্ম থেকে। আশ্চর্যের বিষয় হলো, অধিকাংশ ভিডিও গেমপ্রেমীরাই ১০০ ডলারের দামি 'আল্টিমেট এডিশন' বেছে নিয়েছেন।

গেমটির উন্মাদনা এখানেই শেষ নয়। সম্প্রতি ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে এর ডিজিটাল প্রি-লোড বা প্রি-ডাউনলোড সুবিধা। কনসোল ভেদে গেমটির ফাইল সাইজ ২১২ জিবি পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। ফ্লোরিডা থেকে অনুপ্রাণিত কাল্পনিক মার্কিন রাজ্য 'লিওনিডা' এর প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই গেমটি, যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে অপরাধী জুটি লুসিয়া কামিনোস ও জেসন ডুভালকে।

বিশ্লেষকদের মতে, গেমটির মোট নির্মাণ বাজেট প্রায় ১ থেকে ১.৫ বিলিয়ন ডলার। এর আগে ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ-ফাইভ বিশ্বব্যাপী প্রায় ২৩ কোটি কপি বিক্রি হয়ে ইতিহাস গড়েছিল। ১৩ বছর পর আসা এই সিক্যুয়েলটি সেই রেকর্ডও ভেঙে নতুন ইতিহাস গড়বে বলে ধারণা করা হচ্ছে।