ঋণের ৮৪ শতাংশই পান পুরুষরা, এজেন্ট ব্যাংকিংয়ে অর্ধেক হিসাব নারীর

গ্রামীণ অর্থনীতিতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং। বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রতিবেদনে দেখা গেছে, এজেন্ট ব্যাংকিং চালুর পর থেকে বিতরণ করা রেমিট্যান্সের ৯০ দশমিক ৪৭ শতাংশ বা ১ লাখ ৯৯ হাজার ১৬১ কোটি টাকা গেছে গ্রামে। মোট রেমিট্যান্স বিতরণ ২ লাখ ২০ হাজার ১৪৯ কোটি ৪৯ লাখ টাকা। এক বছরে প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫৭ শতাংশ। তবে হিসাব খোলায় নারীদের অংশ প্রায় অর্ধেক হলেও ঋণের ৮৪ দশমিক ৩৬ শতাংশ পাচ্ছেন পুরুষেরা।

সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ে মোট হিসাব ২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার। এর মধ্যে নারীদের ৪৯ দশমিক ৭৭ এবং পুরুষদের ৪৮ দশমিক ৮৩ শতাংশ। কিন্তু ৫৩ হাজার ১০৮ কোটি টাকা আমানতের ৫৭ দশমিক ১৮ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারীদের। মোট ৪৪ হাজার ১১০ কোটি টাকা ঋণের মধ্যে পুরুষেরা পেয়েছেন ৩৭ হাজার ২১৩ কোটি এবং নারীরা মাত্র ৫ হাজার ৬১২ কোটি টাকা।

দেশের ৩০টি ব্যাংকের ২০ হাজার ৬৮১টি এজেন্ট আউটলেটের ৮৫ দশমিক ৫১ শতাংশ গ্রামে। নারী উদ্যোক্তাদের পরিচালিত আউটলেট ২ হাজার ২৪৪টি বা ১০ দশমিক ৮৫ শতাংশ। এসব আউটলেটে বিতরণ করা ৩ হাজার ৫৮২ কোটি টাকা ঋণের মধ্যে নারীরা পেয়েছেন ৪৪৭ কোটি, পুরুষেরা ২ হাজার ৯৬৩ কোটি টাকা। নারী এজেন্টদের আউটলেটে খোলা ২৪ লাখ ৮০ হাজার হিসাবের মধ্যে ১৩ লাখ ২২ হাজার নারীদের।

রেমিট্যান্স বিতরণে ইসলামী ব্যাংক ৫৫ দশমিক ৭১, ডাচ্‌-বাংলা ব্যাংক ২৭ দশমিক ১ এবং শীর্ষ পাঁচ ব্যাংক সম্মিলিতভাবে ৯৭ দশমিক ৭৬ শতাংশ অংশীদার। নারী পরিচালিত আউটলেটে বিতরণ করা রেমিট্যান্সের ৮৫ দশমিক ৪২ শতাংশ গেছে গ্রামে। সরকার বৈধ পথে রেমিট্যান্সে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ে মোট আমানতের ৮১ দশমিক ২৬ শতাংশ এসেছে গ্রাম থেকে।