এবার হ্যাকারদের নজর আইফোনে

আধুনিক প্রযুক্তি দুনিয়ার অন্যতম সংযোজন ক্রিপ্টোকারেন্সি। ডিজিটাল এ মুদ্রা ব্যবস্থা একদিকে যেমন সুরক্ষিত অন্যদিকে হ্যাকারদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাইন্যান্সের পর এবার ভয়াবহ সাইবার হামলার শিকার এইচএসবিসি, সিএনএন, আইকিয়ার মতো জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ১৭৮ প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

এসব হামলায় লক্ষ্যবস্তু করা হয় আইফোন ও আইওএস ডিভাইস। এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট বেশ কয়েকটি কারণ। মূলত, আইফোন ব্যবহারীর বড় অংশই অর্থনৈতিকভাবে সচ্ছল। বিশেষ করে করপোরেট নির্বাহী, ব্যাংকার, বিনিয়োগকারী ও  রাজনীতিবিদরা ক্রিপ্টো লেনদেনে ব্যবহার করেন আইফোন। যেজন্য ডিভাইসটিতে ম্যালওয়্যার ছড়িয়ে ক্রিপ্টো চুরির চেষ্টা চালায় হ্যাকাররা। 

এছাড়া, সব আইফোন একই আইওএসে চলে বিধায়, সিস্টেমের একটি দুর্বলতা খুঁজে পেলে, তা দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ডিভাইসে একযোগে হামলা চালাতে পারে হ্যাকাররা। এজন্য, ক্রেডিট কার্ডের নম্বর, ব্রাউজার কুকিজ ও স্ক্রিনশট চুরির পাশাপাশি আইফোন ব্যবহারকারীদের ডিভাইসে ইনস্টল করতে পারে ক্ষতিকর কোড। পাশাপাশি ওয়েবসাইটে লেনদেনের সময় গ্রাহকের ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট অ্যাড্রেস পরিবর্তন করে নিজেদের ওয়ালেটে টাকা সরিয়ে নিতে পারে তারা। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওয়েবসাইট অপ্টিমাইজেশন প্ল্যাটফর্ম ‘অপ্টিমাইজলি’-এর কারিগরি দুর্বলতা কাজে লাগায় হ্যাকাররা। এছাড়া, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘হাডসনরক’ এর তথ্যমতে, ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে ১৭৮ প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। 

ঘটনা জানাজানি হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করা হয়েছে অননুমোদিত স্ক্রিপ্ট। এরইমধ্যে সম্ভাব্য ক্ষতিপূরণ নিরূপণে কাজ করছে আইকিয়া। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি অ্যাপল কিংবা জুম। 

বিশেষজ্ঞরা বলছেন, থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহারে প্রতিষ্ঠানগুলোকে আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের পরামর্শ দেন অপরিচিত লিংকে ক্লিক না করতে এবং নিয়মিত ডিভাইস ও ব্রাউজার আপডেট রাখার।