এক যুগ পর লোকসানের মুখ দেখলো দেশের ব্যাংক খাত। ২০২৪ সালে যার পরিমাণ ছিলো ২১ হাজার ৪৩২ কোটি টাকা। অথচ, ওই বছর রেকর্ড ২ লাখ কোটি টাকা আয় হয়েছিলো পুরো খাতে। কিন্তু ব্যয় আরো বেশি হওয়ায়, গুণতে হয় নিট লোকসান। এর আগে, ২০১২ সালে লোকসানের মুখ দেখে গুরুত্বপূর্ণ এই ব্যবস্থা। বিশ্লেষকরা মনে করেন, মোটা অঙ্কের খেলাপি ঋণ, নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতাসহ নানা কারণেই তৈরি হয় এই সমন্যা।
ব্যাংকখাতের দুরবস্থার খবর নতুন নয়। যার বড় ধাক্কা শুরু হয় আওয়ামী আমল থেকেই। সেই ক্ষত এখনো বয়ে বেড়াতে হচ্ছে অর্থনীতিকে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ৩ টাকা ঋণের মধ্যে ১ টাকাই খেলাপি। যে কারণে, ভয়াবহ দুর্বল হয়ে পড়েছে বহু ব্যাংক। আর সেই চাপ সামাল দিতে গিয়ে লোকসান গুণছে একাধিক প্রতিষ্ঠান।
তবে, আরো দুশ্চিন্তার তথ্য তুলে ধরা হয় কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে। যেখানে বলা হয়, ২০২৪ শেষে এই খাতে নিট লোকসান প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা। অথচ, আগের বছর ২০২৩-এও মুনাফা ছিলো ১৩ হাজার কোটি। অর্থাৎ, এক বছরেই এই ঘাটতি ছাড়িয়েছে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা।
তথ্য অনুযায়ী, এক যুগ পর এই লোকসান গুণলো ব্যাংকখাত। এর আগে ২০১২ সালে সেই অঙ্ক ছিলো মাত্র ১ হাজার কোটি টাকা।
মূলত, অতিরিক্ত পরিচালন ব্যয়ের কারণেই দীর্ঘ সময় পর লোকসানের কবলে এই খাত। তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রতিষ্ঠানগুলোর মোট আয় ছাড়ায় রেকর্ড দুই লাখ কোটি টাকা। বিপরীতে পরিচালন ব্যয় ছিলো ১ লাখ ৬১ হাজার কোটির ওপরে। কিন্তু খেলাপি ঋণের দায়, নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ ও শুল্ক-কর দেয়ার পর, মুনাফার বদলে পড়তে হয় লোকসানে। বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার পরিষ্কার প্রতিফলন এই তথ্য।
সিপিডি'র গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান জানান, এখন আমাদের যে মন্দ ঋণগুলো আছে সেগুলোর মোটামুটি সত্য পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যখনই ব্যাংকগুলোর মন্দ ঋণ বেশি থাকে তখন যে প্রভিশনটা রাখতে হয় তার কারণে তার প্রফিট কমে যায়। ব্যাংকিং খাতের আয়করের হাতটা অনেক বড় এবং এটা একটা বড় কন্ট্রিবিউশন করে বাংলাদেশে। সুতরাং সেই জায়গা থেকে যদি আমি বিবেচনা করি তাহলে এটা ভালো হয়েছে একদিক থেকে যে ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র উঠে আসছে ।
তথ্য অনুযায়ী, গেলো ৩১ বছরে মাত্র ৩ বার নিট লোকসানে পড়েছে ব্যাংক ব্যবস্থা।