দেশের বাজারে এক ধাক্কায় ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমেছে স্বর্ণের দাম।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম সমন্বয়ের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা জানিয়েছে, স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দাম কমেছে।
বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
এর আগে, বৃহস্পতিবারও ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। আজকের দাম সমন্বয়ের ফলে এ নিয়ে আট দফায় স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা।