বড় পতনের মুখে বৈশ্বিক স্বর্ণের বাজার

বিশ্ববাজারে টানা দরপতনের মুখে পড়েছে স্বর্ণ । একদিকে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা। এই দুই বিষয়ের চাপে আট মাসের মধ্যে সবচেয়ে খারাপ সপ্তাহ পার করছে মূল্যবান এই ধাতু।

সাধারণত সুদের হার বাড়লে সোনার আকর্ষণ কমে যায়। কারণ, সোনা কোনো সুদ বা মুনাফা দেয় না। অন্যদিকে ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদায় নেতিবাচক প্রভাব পড়ে।

শুধু সুদের হার বাড়ার আশঙ্কাই নয়, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শেয়ার নিয়ে উদ্বেগও সোনার দামে চাপ তৈরি করেছে। এআই খাতের শেয়ারে বড় ধরনের দরপতনের কারণে লোকসান সামাল দিতে অনেক বিনিয়োগকারী সোনার মতো সম্পদ বিক্রি করছেন। ফলে অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনাও এবার বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারছে না।

শনিবার দিনের ব্যবধানে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৪.৩৩% কমে দাঁড়ায় ৩ হাজার ৫২৪ ডলারে। মাসের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম কমেছে  ৮.৯১%। একই সঙ্গে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে সোনার দাম।

এদিকে শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। সপ্তাহজুড়ে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড সুদের হার বাড়ালে সোনার বাজারে চাপ আরও বাড়তে পারে। তবে চীন ও ভারতের মতো বড় বাজারে দাম কমায় সোনা কেনার আগ্রহ বাড়লে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।