স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর, ভরি দুই লাখের নিচে

দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমা‌নো হয়েছে ছয় হাজার ১৮২ টাকা। এতে করে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৫ সালের ২৯ অক্টোবর স্বর্ণের দাম দুই লাখের ঘর পেরিয়েছিল। এক বছর পর তা আবারও দুইয়ের ঘরের নিচে নেমে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শনিবার রাত সাড়ে ৯ টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। আজ এ দাম ছিল দুই লাখ এক হাজার ১৪৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা দুই হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।