১৮ দিনে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ (৪২৮ মিলিয়ন) মার্কিন ডলারে। একই সময়ে ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাকের রপ্তানি আদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা।

রোববার, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়।

garments5
বিজিএমইএর এক জরিপে দেখা গেছে, চলতি মাসের ১-১৮ নভেম্বর পর্যন্ত শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতার কারণে জরিপে অংশ নেয়া ৩১৭টি কারখানার উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য অনুযায়ী এতে কারখানাগুলোর মোট উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।

উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশই এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। বিজিএমইএ জানিয়েছে, বিদেশি ক্রেতাদের আস্থা ও ক্রয়াদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে, দিতে হচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়।

Savar Unrest
এমনকি কিছু ক্ষেত্রে সরাসরি অর্ডার বাতিলের মতো পরিস্থিতিরও মুখোমুখি হচ্ছে উদ্যোক্তাদের। জরিপের তথ্য অনুযায়ী, এই অস্থিরতার জেরে বিদেশি ক্রেতারা ইতিমধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ২৫৪ মিলিয়ন ডলার বাজারমূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে স্থানান্তর করেছেন।

তবে জরিপে উঠে আসা এই পরিসংখ্যানকে প্রকৃত ক্ষতির আংশিক চিত্র বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির দাবি, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে।

Ashulia Clash
তদুপরি জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির অঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। ইতিমধ্যে বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে সরে যাওয়াকে সেই অনাস্থারই প্রতিফলন হিসেবে দেখছে বিজিএমইএ।

Gazipur Clash 01
দেশের অর্থনীতি এবং এ খাতে নিয়োজিত লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে চলমান সংকট থেকে দ্রুত উত্তরণ জরুরি উল্লেখ করে শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।