ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে খাদ্য বাণিজ্য সহজ হচ্ছে যুক্তরাজ্যের

ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে খাদ্য বাণিজ্যে তৈরি হওয়া জটিলতা কমতে যাচ্ছে যুক্তরাজ্যের। নতুন চুক্তিতে অধিকাংশ খাদ্যপণ্য, উদ্ভিদ ও প্রাণিজ পণ্যের ওপর সীমান্তে শারীরিক পরীক্ষা ও অতিরিক্ত কাগজপত্রের বাধ্যবাধকতা তুলে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ ব্যবসায়ীরা।

নতুন স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি বা এসপিএস (SPS) চুক্তির আওতায় ২০২৮ সালের ১ মার্চ থেকে অধিকাংশ সীমান্ত পরীক্ষা তুলে নেওয়ার কথা রয়েছে। এতে যুক্তরাজ্যের খাদ্য রপ্তানিকারকদের খরচ কমবে, পণ্য পরিবহনে সময় বাঁচবে এবং পচনশীল পণ্যের অপচয়ও কমবে।

চুক্তির ফলে তাজা সসেজ, বার্গার, সামুদ্রিক খাবার ও বীজ আলুর মতো পণ্যের ইউরোপীয় বাজারে প্রবেশ সহজ হবে। একই সঙ্গে যুক্তরাজ্যের ছোট ব্যবসায়ীরা ইউরোপ থেকে পনির ও ওয়াইন আমদানির ক্ষেত্রেও সুবিধা পাবেন।
স্কটল্যান্ডের বীজ আলু উৎপাদনকারী প্রতিষ্ঠান জেমিসন ব্রাদার্সের দাবি, ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক জটিলতায় তাদের প্রায় পাঁচ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, নতুন চুক্তিতে ইউরোপের বাজারে আবারও ব্যবসা বাড়ানো সম্ভব হবে। তবে বন্ধ হয়ে যাওয়া কিছু পণ্যের উৎপাদন ও রপ্তানি পুনরায় চালু করতে কয়েক বছর লাগতে পারে।

চুক্তিকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা বলছেন, বাস্তবায়নে দেরি হওয়ায় ক্ষতিগ্রস্ত শিল্পের পুনরুদ্ধারে সময় লাগবে। ফলে ব্রেক্সিটের পর ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে নতুন চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তারা।