কোরবানির জন্য অনলাইনে গরু অর্ডার করে বেশ বিড়ম্বনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীটিপু মুনশি।
রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, গত বছর কোরবানির ঈদে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্বোধনকালে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করার জন্য এক লাখ টাকা মূল্যের একটি গরুর অর্ডার দেন তিনি। কিন্তু যে গরু দেখানো হয়েছিল সেটি বিক্রি হয়ে গেছে বলে তাকে বেশ কয়েকবার অন্য গরু দেখানো হয়। পরে ৮৭ হাজার টাকায় একটি গরু দেয়া হয় মন্ত্রীকে। বাকি ১৩ হাজার টাকায় তাকে একটি ছাগলও দেয় ওই ই-কমার্স প্রতিষ্ঠান।
তবে পরের বছর কোন সমস্যা হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, একটি জিনিস নতুন করে চালু করলে, সেটা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। তার ভুক্তভোগী আমি নিজেই।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচ
সম্প্রতি বাংলাদেশে একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর মধ্যে অন্যতম হলো ইভ্যালি এবং ই-অরেঞ্জ নামের দুটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের অফার এবং দ্রুত সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তারা গ্রাহকদের আকৃষ্ট করেছিল প্রতিষ্ঠান দুটি।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন-কমিশনের সদস্য মনজুর কাদের, নাসরিন বেগম এবং জিএম সালেহ উদ্দিন, ইআরএফের সভাপতি শারভিন রিনভী, সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম।