ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে ছুটিতে পাঠালো পরিচালনা পর্ষদ

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুককে সাময়িক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তার স্থানে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে।

রোববার (১২ এপ্রিল) ব্যাংকটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একাত্তরকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওমর ফারুকের ছুটি কার্যকর হবে সোমবার (১৩ এপ্রিল) থেকে।

ইসলামী ব্যাংক সূত্র জানায়, এদিন ইসলামী ব্যাংকের নিয়মিত বোর্ড মিটিংয়ে এমডি ওমর ফারুকের বিষয়ে প্রশ্ন ওঠে। পরে বোর্ড সদস্যদের সিদ্ধান্তক্রমে তাকে সাময়িক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে একটি সূত্র এও জানিয়েছে যে, এই সিদ্ধান্তে সায় ছিলো বাংলাদেশ ব্যাংকেরও। তবে তাৎক্ষণিক তা যাচাই করা যায়নি।