জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি আলাদা নির্দেশনা পাঠানো হয়েছে। ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে এই চিঠি পাঠানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে যে, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সম্মতি প্রদান ও সুপারিশ করেছে।

চিঠিতে আরও বলা হয়, বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তাবলী মেনে এই দুই কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য পরবর্তী প্রয়োজনীয় আইনি ও বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতের শীর্ষ প্রশাসনে নতুন রদবদলের আবহ তৈরি হয়েছে।