ব্যাংকিং খাতে স্থিতিশীলতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় সমন্বিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আশাবাদী যে, চলমান এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।
দেশের ব্যাংকিং খাত নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খেলাপি ঋণের হারসহ ব্যাংকিং খাতের আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের প্রতিফলন নয়; বরং দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত অনিয়ম ও দুর্বলতার বাস্তব চিত্র। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে সম্পদমান পর্যালোচনা কার্যক্রম পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক, বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করে জনআস্থা ফেরাতে সুপরিকল্পিত সংস্কারের রূপরেখা তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক:
প্রকৃত অবস্থা নিরূপণ: সম্পদমান পর্যালোচনার (একিউআর) মাধ্যমে সমস্যাগ্রস্ত সম্পদ ও পুঞ্জীভূত অনিয়মের সঠিক চিত্র তুলে আনা হচ্ছে, যা টেকসই সংস্কারের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
জরুরি পদক্ষেপ: সাময়িকভাবে তারল্য সঙ্কটে থাকা ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং প্রয়োজনে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুনরুদ্ধার ও কাঠামোগত সংস্কার: ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনার আওতায় পুনঃমূলধনীকরণ, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, কর্পোরেট সুশাসন জোরদার এবং ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী চার বছরে এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
দীর্ঘমেয়াদি স্থিতিস্থাপকতা: আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ এবং নীতিগত ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে ব্যাংকিং খাতকে ঝুঁকি-সহনশীল ও টেকসই করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী চার বছরের মধ্যে সংস্কার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে আর্থিক খাতের প্রতি জনআস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক কোনো গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করার আহবান জানিয়েছে।