দাম কমানোর দুই না পেরোতেই আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা।
প্রতি ভরিতে দাম বাড়ছে দুই হাজার ৯১৬ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এটা এ যাবৎকালের সর্বোচ্চ দাম।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।
গত মঙ্গলবার স্বর্ণের দাম কমিয়েছিলো বাজুস। যা কার্যকর হয় বুধবার। ওই দাম অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ছয় হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি হয়।
নতুন দাম অনুযায়ী- ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ আট হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৭ হাজার ৭৯৯ টাকায় বিক্রি করা হবে।
তবে বাজুস রুপার দাম এ দফায়ও বাড়ায়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।