দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস স্বর্ণের এই নতুন দর ঘোষণা করে। একই সঙ্গে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।
বাজুসের নতুন দরপত্র অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
এর আগে গত ৫ অক্টোবর সর্বশেষ দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে পুনর্নির্ধারণ করেছিল বাজুস। সেই সময় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
বিশ্ববাজারের গতিপ্রকৃতি ও স্থানীয় বাজারে পাকা স্বর্ণের (পিউর গোল্ড) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতেই চার দিনের মাথায় বাজুস এই নতুন দর সমন্বয় করল বলে জানা গেছে।