ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও দুই লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব বা কর আদায় করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর সাঁতারকুলে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বাংলা কিউআর কোডের মাধ্যমে টিউশন ফি দেওয়া–নেওয়া সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানটির যৌথ আয়োজনে ছিলো ইউআইইউ এবং ওয়ান ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যাংক খাতের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে প্রতিবছর অন্তত ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন। এ বিষয়ে সরকারের সহায়তা চাওয়া হয়েছে।
ক্যাশলেস বা নগদ অর্থবিহীন লেনদেনব্যবস্থা প্রসারে ‘বাংলা কিউআর’-এর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে দিনে গড়ে ১৮০ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। এটি দিনে তিন হাজার কোটি টাকায় পৌঁছাতে পারলে বাংলাদেশ ব্যাংক একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাবে। সবাইকে এই প্রযুক্তির আওতায় আনা গেলে সরকারের কর আদায় বছরে অন্তত দুই লাখ কোটি টাকা বাড়বে।
এ সময় বাংলা কিউআরকে সর্বস্তরে জনপ্রিয় করতে গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহিত রহমান জানান, শিক্ষার্থীদের বাংলা কিউআর কোডের মাধ্যমে টিউশন ফি ও অন্য লেনদেনে কোনো অতিরিক্ত চার্জ বা ফি নেবে না ওয়ান ব্যাংক।
অনুষ্ঠানে ইউআইইউ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক ও ওয়ান ব্যাংক পিএলসির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।